লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা সভাপতি মো. কালাম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান বাড়ানো হবে। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নারীরা শিক্ষা ক্ষেত্রে আরো বেশি এগিয়ে যাবে। নারীর ক্ষমতায়নের জন্য সবচেয়ে বেশি কাজ করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
তিনি উপবৃত্তি চালু করেছিলেন। এ রকম অসংখ্য উদ্যোগ নিয়েছিলেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের জন্য সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপি। আগামী দিনেও বিএনপি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবে।
পুরুষ বা নারী বিভক্ত করতে চাই না। বরং যে ঘরে সন্তান জন্ম নেবে, সে সন্তান স্কুলে যাওয়ার বয়স হলে স্কুলে যাবে। নারী-পুরুষ কোনো বৈষম্য থাকবে না। প্রত্যেকটা ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালাব আমরা।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম এসব কথা বলেন।
ওইদিন দুপুরে নবাব ফয়জুন্নেছার ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় মো আবুল কালাম বলেন, একটি গোষ্ঠী দেশের মানুষের সঙ্গে নানাভাবে প্রতারণা করেছে। তারা নির্বাচনকে বানচাল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তারা সন্ত্রাস-নৈরাজ্যসহ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। তবে তারা কোনোভাবেই সফল হবে না।
এদেশের মানুষ ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের মাধ্যমে ওইসব অপশক্তির বিরুদ্ধে দাঁতভাঙা জবাব দেবেন।
তিনি বলেন, ওই গোষ্ঠী ১৯৭১-এ মহান স্বাধীনতা যুদ্ধের সময় দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। আমাদের মা-বোনদের ওপর অত্যাচার, নির্যাতন করেছে। এসব কথা এ দেশের সবার জানা রয়েছে। এবারের নির্বাচনে জনতার ভোটে জনতার সরকার গঠন করবে বিএনপি। যেখানে কোনো বৈষম্য ও ভেদাভেদ থাকবে না।
লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কেন্দ্র কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহ আলমের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মজির আহমেদ, সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, ডাকসুর সাবেক সদস্য বিএনপি নেতা ড. রশিদ আহমেদ হোসাইনী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, কুমিল্লা-৯ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক বন্ধু-বান্ধবসহ স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মো. আবুল কালাম জনসভায় উপস্থিত সকলের উদ্দেশে বলেন, আমি নির্বাচিত হলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলায় চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এবং মাদক বলতে কিছুই থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে এসব অপকর্ম প্রতিহত করা হবে।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বিএনপির সরকার গঠনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
একই দিন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের আবেদনগর দাখিল মাদরাসা এবং ছনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত পৃথক দুইটি নির্বাচনী উঠান বৈঠকেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
এ সময় নির্বাচনী উঠান বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মিশু, লাকসাম মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক ও কান্দিরপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


