Homeজাতীয়জামায়াত নেতা আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন পুলিশের

জামায়াত নেতা আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আবেদন পুলিশের

ঢাকা প্রতিনিধি:
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি কাজে বাধা, কর্মকর্তাদের সঙ্গে দুর্ব্যবহার ও হুমকির অভিযোগে করা মামলায় জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) এক দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার মেট্রোপলিটন আদালতে হাজির করে এ আবেদন করা হয়। এর আগে শনিবার একই মামলায় তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মাজেদুল ইসলাম এ আবেদন করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালতে এ আবেদনের ওপর শুনানি চলছে।

এদিকে আখতারুজ্জামানের পক্ষে তার আইনজীবীরা জামিনের আবেদন করেছেন। তারা আদালতের এজলাসে উপস্থিত রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত। এ সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদের সঙ্গে আখতারুজ্জামানের বাগবিতণ্ডা ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও অভিযোগ করা হয়, বিমানবন্দরের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণে বাধা দেওয়ায় এক নিরাপত্তাকর্মীর সঙ্গে অসদাচরণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন আখতারুজ্জামান। এছাড়া জমজমের পানির বোতল ছুড়ে ফেলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণের অভিযোগও রয়েছে।

এর আগে শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে বিমানবন্দর থানায় দায়ের করা ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

আদালতে তার জামিন আবেদনের শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments