Homeসারাদেশজেলার খবরচাঁদাবাজি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে কুমিল্লায় ৫ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

চাঁদাবাজি-ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে কুমিল্লায় ৫ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা।।
কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি কিশোর গ্যাংয়ের পাঁচ সক্রিয় মূলহোতাকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

সম্প্রতি জেলার কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মারামারি, ভয়ভীতি প্রদর্শন ও আতঙ্ক সৃষ্টিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে ‘স্ম্যাশ স্কোয়াড’ গ্যাংয়ের দুই সদস্য জিসান (১৯) ও সাইফুল ইসলাম (২০)কে গ্রেফতার করা হয়। জিসান কোতোয়ালি থানার তেলিকোনা-গোবিন্দ পুকুরপাড় এলাকার জিলানীর ছেলে। সাইফুল ইসলাম আড়াইওড়া সমিতিপাড়া এলাকার আবদুল কুদ্দুস ও রুবি বেগমের ছেলে।

অন্যদিকে, চৌদ্দগ্রাম থানা এলাকায় অভিযান চালিয়ে ‘১২০৭’ গ্যাংয়ের দুই সদস্য মো. তারেক হোসেন সৈকত (১৯) ও মো. জাফর আহমদ (২৩)কে গ্রেফতার করা হয়। তারেক হোসেন সৈকত নলিশ্বর-খিরনশাল এলাকার আব্দুল মালেক ও কাহিনুর আক্তারের ছেলে। জাফর আহমদ চৌদ্দগ্রামের কোমারডোগা মধ্যমপাড়া এলাকার মো. আলী ও জ্যোস্না বেগমের ছেলে।

এছাড়া মনোহরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে ‘PX 10’ গ্যাংয়ের সদস্য মো. শাকিব (১৭)কে গ্রেফতার করেছে পুলিশ। সে পোমগাঁও মধ্যপাড়া এলাকার তবু মিয়া ও শিউলি বেগমের ছেলে।

সংশ্লিষ্ট থানা পুলিশ নিজ নিজ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, “কিশোর গ্যাং গ্রুপের প্রধানদের আটক করা হয়েছে। অপরাধ দমনে জেলা পুলিশ নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে।”

জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments