নিজস্ব প্রতিবেদক:
দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় দেশের সব অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বিমানবন্দরগুলোতে নজরদারি ও টহল জোরদার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। বিশেষ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের এলাকা বা ল্যান্ডসাইডের নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। এ এলাকায় সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারে রাতভর পুলিশের অবস্থান, টহল ও যানবাহনে তল্লাশি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
তবে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা ও দায়িত্ব বণ্টন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ, বিমানবন্দরের ভেতরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স (এভসেক), বাইরের সড়ক ও এলাকার দায়িত্ব পুলিশের এবং প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। তিনটি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় কতটা রয়েছে, তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে এয়ারসাইড, টার্মিনাল ভবন ও ল্যান্ডসাইড—সব এলাকাকে সমন্বিত নজরদারির আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। এ লক্ষ্যে বেবিচক, পুলিশ ও এপিবিএনের মধ্যে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা প্রতিটি সংস্থাকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে বিমানবন্দর এলাকায় একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরের গেটে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সোয়া ১০টার দিকে বিমানবন্দরের পাশের জসিমউদ্দিন রোডে ককটেল বিস্ফোরণ হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বিমানবন্দরসংলগ্ন বিআরটি উড়ালসেতু থেকে গোলচত্বরের বাইরের গেটের দিকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এতে চার পথচারী আহত হন।
এর আগে গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের প্রবেশপথের পাশে দুটি গ্রেনেড পড়ে থাকতে দেখেন এক পথচারী। পরে বিমানবন্দর থানা পুলিশ ফাঁড়ির বোমা নিষ্ক্রিয়কারী দল সেগুলো নিরাপদে নিষ্ক্রিয় করে। ঘটনাটি বিমানযাত্রী ও সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এ ছাড়া গত ৬ নভেম্বর শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
পরপর এসব ঘটনার পর বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তার পাশাপাশি বাইরের এলাকা, প্রবেশপথ, সংযোগ সড়ক ও ফ্লাইওভারকে বিশেষ নজরদারিতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল যুগান্তরকে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট পরিচালিত হয় না, সেখানেও টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি বলেন, শাহজালাল বিমানবন্দরের ফ্লাইওভারে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত পুলিশের অবস্থান নিশ্চিত করতে বিমানবন্দর থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানবন্দরসংলগ্ন আশপাশের এলাকাতেও পুলিশের টহল বাড়াতে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত বিমানবন্দরে হামলার বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য নেই। রেড অ্যালার্টও জারি করা হয়নি। তা সত্ত্বেও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের আপস করবে না বেবিচক।
বেবিচক-পুলিশের বৈঠক
বিমানবন্দরের বাইরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বুধবার পুলিশের সঙ্গে বৈঠক করেছে বেবিচক। বৈঠকে বিমানবন্দরের ল্যান্ডসাইড, প্রবেশপথ, ফ্লাইওভার ও আশপাশের সড়কে নিরাপত্তা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সংশ্লিষ্টরা জানান, ফ্লাইওভার থেকে বিমানবন্দর এলাকায় ককটেল নিক্ষেপের ঘটনা বাইরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা ও ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। বিশেষ করে ফ্লাইওভার ও সংযোগ সড়ক ব্যবহার করে নাশকতার চেষ্টা প্রতিরোধ, বিমানবন্দরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ল্যান্ডসাইডে সন্দেহজনক ব্যক্তিদের চলাচল শনাক্ত করার বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায়।
এ লক্ষ্যে পুলিশের টহল ও চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ও এআই ক্যামেরা স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছে। পুলিশ ও এপিবিএন নিজস্ব উদ্যোগে ক্যামেরা স্থাপন করবে। তৃতীয় টার্মিনালের ল্যান্ডসাইড এলাকাকেও এই নজরদারির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. রেজাউল করিম যুগান্তরকে বলেন, বিমানবন্দর এলাকায় পুলিশের চেকপোস্ট, টহল ও নজরদারি বাড়ানো হচ্ছে। বিমানবন্দরসংলগ্ন ফ্লাইওভারগুলোতে স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।
ল্যান্ডসাইডে প্রযুক্তিনির্ভর নজরদারি
বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যুগান্তরকে বলেন, বিমানবন্দরের এয়ারসাইড ও টার্মিনাল ভবনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হয়। কিন্তু বিমানবন্দরের বাইরের অংশ বা ল্যান্ডসাইডেও একই ধরনের প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
তিনি বলেন, ল্যান্ডসাইডে সিসিটিভি ও এআই ক্যামেরা স্থাপন করা হলে সন্দেহজনক ব্যক্তির চলাচল ও যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ করা সহজ হবে। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার কারণ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে অপরাধমূলক কর্মকাণ্ডের প্রবণতা কমাতেও এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখতে পারে।
ওই কর্মকর্তা আরও বলেন, বিমানবন্দরের টার্মিনাল ও অ্যাপ্রোন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। তবে বাইরের কোনো পরিস্থিতি যাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তায় প্রভাব ফেলতে না পারে, সে জন্য ল্যান্ডসাইডের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
দায়িত্ব বণ্টন ও সমন্বয় নিয়ে প্রশ্ন
বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থায় একাধিক সংস্থা দায়িত্ব পালন করলেও তাদের মধ্যে সমন্বিত কার্যক্রম কতটা কার্যকর, তা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। বিমানবন্দরের ভেতরে এভসেক, বাইরে পুলিশের পাশাপাশি প্রবেশপথ ও গুরুত্বপূর্ণ স্থানে এপিবিএনের দায়িত্ব থাকায় নিরাপত্তা ব্যবস্থাপনায় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষজ্ঞদের মতে, বিমানবন্দরের নিরাপত্তা শুধু টার্মিনাল ভবন বা যাত্রী প্রবেশের নির্দিষ্ট স্থানকেন্দ্রিক হলে চলবে না। বিমানবন্দরের চারপাশের সড়ক, ফ্লাইওভার, গোলচত্বর, সংযোগপথ ও প্রবেশমুখকেও সমন্বিত নিরাপত্তা বলয়ের আওতায় আনতে হবে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান, দ্রুত প্রতিক্রিয়া এবং নিয়মিত যৌথ টহল নিশ্চিত করা জরুরি।
সাম্প্রতিক ঘটনাগুলোতে বিমানবন্দরের বাইরের নিরাপত্তার বিষয়টি সামনে আসায় সংশ্লিষ্ট সংস্থাগুলো এখন নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিচ্ছে। তবে এসব উদ্যোগ কতটা দ্রুত বাস্তবায়িত হয় এবং সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় কতটা নিশ্চিত করা যায়, তার ওপরই বিমানবন্দরের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা অনেকাংশে নির্ভর করবে।


