অনলাইন ডেক্সঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় তাঁর কয়েকজন সহযোগী ও সমর্থকের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া বিএনপি ও জামায়াতের নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের মাঝিগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী মিছিল নিয়ে সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের পৈতৃক বাড়িতে প্রবেশ করেন। এ সময় তাঁরা বাড়ির বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেন। একপর্যায়ে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
একই গ্রামের সংসদ সদস্যের সমর্থক হিসেবে পরিচিত লিমন মোল্যা, মনির মোল্যা, শাহিন ফকির ও রফিক মোল্লার বাড়িতেও হামলা চালানো হয়। হামলাকারীরা এসব বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে উপজেলার ঘোনাপাড়া এলাকায় উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক লাল চাঁন ফকিরের বাড়িতে এবং পরানপুরে ওয়ার্ড বিএনপি নেতা বুলবুল মোল্যার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ছাড়া তিলছড়া বাজারে বিএনপি ও জামায়াতের দুই নেতার ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে অবরোধ সৃষ্টি করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। বুধবার সন্ধ্যা থেকে ঘোনাপাড়া, তিলছড়া, গোপালপুর, তারাইল ও ফুকরাসহ বিভিন্ন স্থানে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী, সাধারণ যাত্রী ও পরিবহণ শ্রমিকেরা।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকেও ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীকে বিক্ষোভ করতে দেখা গেছে। সড়কে অবরোধ ও বিক্ষোভের কারণে ওই পথে যান চলাচল ব্যাহত হয়।
সংসদ সদস্যের পৈতৃক বাড়িসহ বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একের পর এক বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে।
এ বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। ফলে এসব ঘটনার বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।


