Homeজাতীয়নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাতত বাড়ছে না ভাতা

নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাতত বাড়ছে না ভাতা

নিজস্ব প্রতিবেদক:
সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে আলোচনা যখন তুঙ্গে, তখন ভাতা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ। নির্দেশনা অনুযায়ী, নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাতত বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতার পরিমাণ অপরিবর্তিত থাকছে। ফলে নতুন বেতনকাঠামো কার্যকর হলেও শুরুতে সব কর্মচারীর মোট বেতন একই হারে বাড়বে না।

সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে অর্থ বিভাগ জানিয়েছে, গত ৩০ জুন যে হারে বিভিন্ন ভাতা দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেই হারই বহাল থাকবে। সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠান, মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সরকারি সংস্থা, রাষ্ট্রায়ত্ত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের ক্ষেত্রে এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।

আলোচনায় থাকা নতুন পে স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা নির্ধারণের বিষয়টি উঠে এসেছে। তবে মূল বেতন ও মোট বেতনের মধ্যে পার্থক্য রয়েছে। মূল বেতনের সঙ্গে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য প্রযোজ্য ভাতা যোগ করেই একজন সরকারি কর্মচারীর মোট মাসিক প্রাপ্য নির্ধারিত হয়।

এ কারণে মূল বেতন বাড়লেও ভাতার হার অপরিবর্তিত থাকলে মোট বেতন বৃদ্ধির পরিমাণে পার্থক্য দেখা দিতে পারে। নতুন বেতনকাঠামোর পূর্ণাঙ্গ সুবিধা পেতে ভাতা সংক্রান্ত পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে সরকারি কর্মচারীদের।

এদিকে নতুন বেতনকাঠামো অনুযায়ী চলতি মাসের বেতনের সঙ্গে আগের তিন মাসের বকেয়া বা অতিরিক্ত অর্থ পাওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ও বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত নির্দেশনার অপেক্ষা করছেন কর্মচারীরা।

নতুন বেতনকাঠামোর কারণে মূল্যস্ফীতির সম্ভাব্য প্রভাব নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) সাবেক মহাপরিচালক ড. তৌফিক আহমেদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীদের বেতন বাড়লেই বাজারে অর্থের সরবরাহ এতটা বেড়ে যাবে যে বড় ধরনের মূল্যস্ফীতি তৈরি হবে, এমন সিদ্ধান্তে সরাসরি পৌঁছানো ঠিক নয়।

তিনি বলেন, নতুন বেতনকাঠামোর প্রভাব মূল্যায়নে অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি খাতের সমন্বয় এবং অর্থনীতির বাস্তব অবস্থা বিশ্লেষণ করা জরুরি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments