আব্দুর রহমান সাঈফ, কুমিল্লাঃ
কুমিল্লার সুয়াগাজী উত্তর বাজার এলাকায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলছে। অভিযানে এ পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সড়কের জায়গা দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সওজ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সড়কের জায়গা দখল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের কারণে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। পাশাপাশি সড়কের স্বাভাবিক প্রশস্ততাও কমে যায়। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে সড়কের জায়গা দখলমুক্ত এবং যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।
অভিযানে এ পর্যন্ত অর্ধশতাধিক অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়েছে। সড়কের জায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, সড়কের জায়গা দখল করে দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গড়ে ওঠায় দীর্ঘদিন ধরে ওই এলাকায় যানজট ও চলাচলে নানা সমস্যা হচ্ছিল। উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন তারা।


