Homeজাতীয়পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর

পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা, কার্যকর ১ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ আলোচনা, দর-কষাকষি ও গোপন ভোটের পর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরিকাঠামো কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

নতুন মজুরিকাঠামোয় পোশাকশ্রমিকদের জন্য চারটি গ্রেড বহাল রাখা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ গ্রেড বা গ্রেড-১-এর সর্বনিম্ন মাসিক মজুরি নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৫০০ টাকা। গ্রেড-২-এ ২০ হাজার টাকা, গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা এবং সর্বনিম্ন গ্রেড বা গ্রেড-৪-এ ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত চতুর্থ সভা শেষে বুধবার (২৫ নভেম্বর) ভোর ৪টায় সংবাদ ব্রিফিংয়ে নতুন মজুরিকাঠামো ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী।

তিনি জানান, প্রথম তিনটি গ্রেডের মজুরি নির্ধারণে বোর্ডের সব সদস্য একমত হলেও চতুর্থ গ্রেডের ক্ষেত্রে মতৈক্য হয়নি। এ কারণে বাংলাদেশ শ্রম বিধিমালা, ২০১৫-এর ১২৯(২) বিধি অনুযায়ী গোপন ভোটের আয়োজন করা হয়। পরে একই বিধিমালার ১২৯(১) বিধি অনুসারে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে সর্বনিম্ন গ্রেডের মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব গৃহীত হয়।

এদিকে শিক্ষানবিশ শ্রমিকদের মজুরির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বোর্ডের চেয়ারম্যান জানান, শ্রমিকপক্ষ শিক্ষানবিশ মজুরির বিধান তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রজ্ঞাপনের খসড়া চূড়ান্ত করার সময় সংশ্লিষ্ট কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments