নিজস্ব প্রতিবেদক:
সীমান্তের ওপারে কী ঘটছে, সে বিষয়ে মন্তব্য না করে দেশের অভ্যন্তরে কোনো ধরনের অপতৎপরতা বরদাশত করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাম্প্রতিক বিভিন্ন সহিংসতার ঘটনায় পুলিশ, র্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজন গুরুতর আহত। কারও মাথায় আঘাত রয়েছে, আবার কারও হাড় ভেঙেছে। আহতদের অনেকেই চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে। আহতদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করার বিষয়টিও বিবেচনা করা হবে।
তিনি বলেন, পুলিশের সদস্যরা চাকরির শুরু থেকেই বিভিন্ন পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকেন। শ্রমিক আন্দোলনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আহত হলেও তাঁরা আন্দোলনকারী শ্রমিকদের ওপর আঘাত করেননি বলে উল্লেখ করেন মন্ত্রী। তাঁর ভাষ্য, এ ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে চলমান সহিংসতা নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কী বার্তা থাকবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকে। যেকোনো সময় অস্থিরতা সৃষ্টি হতে পারে—এমন বিবেচনা থেকেই পুলিশ ও অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করে।
দেশের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াওয়ের ঘটনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিভিন্ন পক্ষের কর্মসূচি থাকতে পারে। তবে তাঁর দাবি, শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষণায় সন্তুষ্ট এবং তাঁরা ঘোষণাটিকে স্বাগত জানিয়ে শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু ব্যক্তি শ্রমিক পরিচয়ে শ্রমিকদের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি। তবে এ ধরনের চেষ্টা সফল হবে না বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তাঁর কাছে তথ্য রয়েছে, দেশের দু-একটি স্থানে এ ধরনের মিছিল হয়েছে। তবে ঘটনাগুলোকে তিনি বিচ্ছিন্ন হিসেবে উল্লেখ করেন।


