লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে এক মাটি কাটার শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় উপজেলা ছাত্রদলের আহ্বায়কসহ তিনজনের বিরুদ্ধে লাকসাম থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
মামলার বাদী রবিউল হোসেন জানান, গত ২৮ ফেব্রুয়ারি ইফতারের পর উপজেলার আতাকরা এলাকায় পরিকল্পিতভাবে তাকে ডেকে নিয়ে মারধর করা হয়। তিনি ওই গ্রামের ছফিউল্লাহর ছেলে, পেশায় মাটি কাটার শ্রমিক।
রবিউল হোসেন অভিযোগ করে বলেন, এক ব্যক্তি মাটি কাটার কাজের কথা বলে তাকে একটি বাড়িতে নিয়ে যান। সেখানে হাত-পা বেঁধে তাকে বেধড়ক মারধর করা হয়। এতে তার একটি হাত ভেঙে গেছে বলে তিনি দাবি করেন।
তিনি আরও জানান, গত রমজানে রোজা রেখে ৩ হাজার ৭০০ টাকার মাটি কাটার কাজ করলেও সেই টাকা তাকে পরিশোধ করা হয়নি। পরে পাওনা টাকা চাইতে গেলে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতার কাছে অভিযোগ করার পর থেকেই তার প্রতি ক্ষোভ সৃষ্টি হয় এবং এরই জেরে তাকে মারধর করা হয়েছে বলে তিনি দাবি করেন।
রবিউল হোসেন জানান, নিজের নিরাপত্তার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতেই তিনি মামলা করেছেন। এ বিষয়ে তিনি কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালামের কাছেও বিচার প্রার্থনা করেছেন।
মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে তিনি লাকসাম থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সবুজ, রুবেলসহ অজ্ঞাতনামা আরও একজনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, পেনাল কোড, ১৮৮০ এর ৩২৩/৩২৫/৫০৬(২) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্ত করছেন সাব-ইন্সপেক্টর মং ছাই মার্মা।
এদিকে, অভিযুক্ত উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন, একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়াচ্ছে।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহমেদ বলেন, অভিযোগের আলোকে মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে।


