২০ এপ্রিল থেকে সারা দেশের ন্যায় কুমিল্লাতেও শুরু হতে যাচ্ছে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন। ১১ দিন ব্যাপী এই ক্যাম্পেইনে ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি শিশুরা হাম রুবেলার এক ডোজ টীকা নিতে পারবে। ১০ মে পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। জেলার ৭ লক্ষ ৫ হাজার ২৯৮ জন শিশু এই টিকার আওতায় আসবে বলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর লক্ষ্যমাত্রা এক লাখ ৬ হাজার ৯৪৮ জন।
ক্যাম্পেইন অবহিতকরন সঙ্গে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানান, পাঁচ বছরের কম বয়সী শিশুদের স্কুল পর্যায়ে টিকাদান চলবে তিন দিন। এছাড়া কমিউনিটি পর্যায়ে উপজেলায় টিকাদান চলবে আট দিন। কোন শিশু অসুস্থ থাকলে সুস্থ হওয়ার পর টিকা নিতে হবে। এজন্য নিকটস্থ টিকাদান কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে যোগাযোগ করার জন্য আহবান করা হচ্ছে।
সিভিল সার্জন বশির আহমেদ আরো জানান, কুমিল্লা ১৭টি উপজেলার ১৯৬ টি ইউনিয়নে ৫৮৮ টি ওয়ার্ডে টিকাদান শুরু হবে। ৪৮৪৮টি অস্থায়ী কেন্দ্র এবং ১৮ টি স্থায়ী কেন্দ্রে টিকা দেয়া হবে।
সংবাদ সম্মেলনে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনার আরো অন্যান্য তথ্য তুলে ধরেন ডেপুটি সিভিল সার্জন রেজা সারোয়ার আকবর, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জাকারিয়া মাহমুদ, ডব্লিউ এইচ ও এর সারভিলেনস এন্ড ইমিউনাইটেজেসন মেডিকেল অফিসার সাবিজা ইয়াসমিন, জেলা ইপিআই সুপারভাইজার গোলাম ফারুক।
এসময় কুমিল্লায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


