Sunday, May 10, 2026
Google search engine
Homeজাতীয়ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে লাকসামে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও...

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে লাকসামে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও প্রতিবাদ সভা

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বারবার অপমান, অপদস্ত ও ‘দালাল’ আখ্যা দিয়ে হয়রানির প্রতিবাদ এবং পেশাগত মর্যাদা রক্ষার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) লাকসাম উপজেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (১০ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া) (গভ: রেজি: নং এস-১৪২৪৯) লাকসাম উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) মো. হারুনুর রশিদের সভাপতিত্বে এবং যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আবদুস সালামের পরিচালনায় আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা ম্যানেজার ফোরামের সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, লাকসাম উপজেলা মডেল ফারিয়ার উপদেষ্টা মোজাম্মেল হোসেন খান, সাইদুর রহমান ও মো. মঈন উদ্দিন। এছাড়া বক্তব্য দেন সহ-সভাপতি শওকত হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, ধর্ম ও সমাজসেবা সম্পাদক নাসির হোসাইন, ক্রীড়া সম্পাদক রাকিবুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য হাসান বকাউল ও মেসকাত রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে সংগঠনটির নেতারা উল্লেখ করেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসকদের কাছে ওষুধের প্রয়োজনীয় তথ্য, ব্যবহারবিধি ও নতুন গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করে দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ বিভিন্ন সময় সংবাদমাধ্যম, আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ মানুষের কাছে তারা অবমূল্যায়ন ও অপমানের শিকার হচ্ছেন।

বিশেষ করে গত ৪ মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ধরার দালালবিরোধী অভিযানে বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিদের গ্রেফতার এবং সংবাদমাধ্যমে তাদের ‘দালাল’ হিসেবে উল্লেখ করাকে সংগঠনটি ‘অপমানজনক ও বিভ্রান্তিকর’ বলে দাবি করেছে।

বক্তারা বলেন, “ঔষধ কোম্পানির প্রতিনিধিরা কোনো দালাল নন; বরং চিকিৎসা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ।” তারা চিকিৎসকদের ওষুধের কার্যকারিতা, মাত্রা, ব্যবহারবিধি ও পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে তথ্য দিয়ে চিকিৎসাসেবাকে সহায়তা করে থাকেন বলেও উল্লেখ করা হয়।

প্রতিবাদ সভা থেকে অযথা গ্রেফতার, অপপ্রচার ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার ঘটনা বন্ধে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে সরকার, ঔষধ প্রশাসন, মালিকপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থা ও প্রতিনিধিদের সমন্বয়ে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে সতর্ক করে বলা হয়, দাবি পূরণ না হলে দেশের সকল ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে কর্মবিরতি পালনের মাধ্যমে ওষুধ সরবরাহ বন্ধ রাখার মতো কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন তারা।

লাকসাম উপজেলা মডেল ফারিয়ার সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান কর্মসূচি সম্পন্ন হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments