শেরপুর প্রতিনিধি :
শেরপুরের একটি মারামারি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি মো. বারেক আলী (৫০)কে ঢাকা জেলার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪ (সিপিসি-১, জামালপুর)।
র্যাব জানায়, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার (২৯ জুন) বিকেলে র্যাব-৪-এর সহযোগিতায় আশুলিয়া থানার কাঠগড়া পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বারেক আলী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতিপাগার (জমকান্দা) গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে। তিনি নালিতাবাড়ী থানার ২০১৭ সালের একটি মারামারি মামলায় দণ্ডবিধির ৩২৩/৩২৪ ধারায় আদালতের দেওয়া দুই বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। রায় ঘোষণার পর থেকে তিনি দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।


