নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের বাঁশভাগ গ্রামে আব্দুল গফুর নামে এক ব্যক্তির বাড়ির গেটের সামনে কাফনের কাপড় ও হুমকিসূচক একটি চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরিবারটি চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় ভুগছে।
বুধবার (১ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে আব্দুল গফুর ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদে যান। নামাজ শেষে বাড়িতে ফিরে এসে গেটের সামনে একটি পলিথিনে মোড়ানো সাদা রঙের প্যাকেট দেখতে পান। পরে প্যাকেটটি খুলে দেখেন, ভেতরে কাফনের কাপড়ের মতো একটি সাদা কাপড় এবং হাতে লেখা একটি চিরকুট রয়েছে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন।
চিরকুটে লেখা ছিল, সময় থাকতে ভালো হয়ে যা। পরে আর সময় পাবি না। আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। অযথা খারাপ হওয়ার আগে ভালো হয়ে যা। আল্লাহ তোকে হেদায়েত দিন। পরের উপর নির্ভরশীলতা কমিয়ে দিয়ে আল্লাহ নির্ভর হ।
আব্দুল গফুর বলেন, সকালে এমন ঘটনা দেখে আমাদের পরিবারের সবাই ভয় পেয়ে গেছি। কারা, কী উদ্দেশ্যে এ কাজ করেছে, তা বুঝতে পারছি না। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং আমাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চিরকুটটি উদ্ধার করে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


