জামালপুর, প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জে পানির ট্যাংকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলা পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ওই বৃদ্ধ পাগলাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে নিজ বাড়িতে পানির ট্যাংকে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন ওই বৃদ্ধ। হঠাৎ অসাবধানতায় বিদ্যুপ্রবাহের তারের মাথায় তার আঙুল লেগে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, পরিবারের অভিযোগের ভিত্তিতে এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


