মোঃ অনিক দেওয়ান , চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ফুলকুঁড়ি সিএনবি ঘাট এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনসহ একই পরিবারের চারজনকে আটক করেছে পুলিশ।
আজ রবিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নেতৃত্বে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম ও এএসআই সামিউর রহমানসহ সঙ্গীয় অফিসার ফোর্স ফুলকুড়ি স্কুলসংলগ্ন আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ২০টি প্লাস্টিকের প্যাকেটে রাখা ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন: বাড়ির মালিক আব্দুর রহমান, তার স্ত্রী মাসিরুন বেগম এবং দুই ছেলে শুকুদ্দি ও মাসুদ রানা। আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাবেক মেম্বার।
এ ঘটনায় বিকেল ৫ টার দিকে সদর মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান,আটক আব্দুর রহমান একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে।
তিনি আরও জানান, অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম হেরোইনের পাশাপাশি ছয়টি মোবাইল ফোন,একটি স্বর্ণের আংটিসহ মোট আটটি আংটি, একটি পাসপোর্ট এবং মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


