চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্রমিক বালিকা বিদ্যলয়ের কাছে দ্রুতগামী রয়েল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারর নারী-শিশুসহ ৭ জন বাসযাত্রী রয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সরোজগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে. বাস দূর্ঘটনার খবর পেয়ে চুয়াডাঙ্গা হাসাপাতালে রোগীদের খোঁজ নিতে ছুটে যান চুয়াডাঙ্গা -১ আসনের সংসদ সদস্য অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ও জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সোয়া ৮ টার দিকে আলমডাঙ্গা থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া রয়েল এক্সপ্রেসের বাসটি দ্রুতগতিতে চলছিল। সরোজগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে সড়কে থাকা একটি পাখিভ্যানকে বাঁচাতে গিয়ে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে বাসটি সড়কের পাশে উল্টে যায়।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও রাজশাহীর হাসপাতালে স্থানান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসাপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, বাস দূর্ঘটনার ১৪ জন আহত রোগীকে চুয়াডাঙ্গা হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে বুলবুলি আনন্দধামের (৪২), ইমাজেন্সি রোডের আসাদুল (৫২) ও মাদারীপুরের মিজান (৫৫) কে রেফার্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান,‘ সকাল পৌনে ৯ টার দিকে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া বাসটি সরোজগঞ্জ পৌঁছালে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এ বাস দূর্ঘটনায় ২০ জন আহত হওয়ার খবর পেয়েছি। তবে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি।’


