Homeনির্বাচিত সংবাদজনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: ডা. শফিকুর রহমান

জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:
দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই—এমন মন্তব্য করে জনগণের অধিকার আদায়ে রাজপথে নামতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, দেশের বিদ্যুৎ ও সারের সংকট চরম আকার ধারণ করেছে। সাধারণ মানুষ নানা সংকটে কষ্টে দিন কাটাচ্ছে। জনগণের এসব দুর্ভোগের কথা জাতীয় সংসদে তুলে ধরার চেষ্টা করা হলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না। ফলে জনগণের অধিকার আদায়ের দাবিতে রাজপথে নামতে হয়েছে।

শনিবার সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি স্থানীয় মাদ্রাসা মাঠে উপস্থিত জনতার উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

এর আগে সকালে ডা. শফিকুর রহমান মানিকপোটল গ্রামের আব্দুল মালেকের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তিনি আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের মানুষ ভালো নেই। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি ও বেহায়াপনা ছড়িয়ে পড়েছে বলে তিনি অভিযোগ করেন। এতে সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছে।

বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সারাদিন পরিশ্রম করে মানুষ যখন ঘরে ফিরে বিশ্রাম নিতে চায়, তখনও বিদ্যুৎ পাওয়া যায় না। তার ভাষায়, ‘বিদ্যুৎ যায় না, মাঝে মাঝে আসে।’ সংসদে এ বিষয়গুলো তুলে ধরার পর বিদ্যুৎমন্ত্রী বিদ্যুতের লাইন দীর্ঘ হওয়ার কারণে বিদ্যুৎ আসতে দেরি হয়—এমন বক্তব্য দিয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।

দেশজুড়ে তীব্র জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে দাবি করে জামায়াতে ইসলামীর আমির বলেন, এই সংকট মোকাবিলায় সরকারকে সহযোগিতা করার জন্য তারা প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু সরকার সেই প্রস্তাব গ্রহণ করেনি।

তিনি বলেন, সারাদেশে সংকট থাকলেও সংসদে মন্ত্রী ও এমপিদের কাছে কোনো সংকট নেই। বাস্তব পরিস্থিতি আর সংসদে উপস্থাপিত পরিস্থিতির মধ্যে পার্থক্য রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

কৃষকদের দুর্ভোগের কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, কৃষক প্রয়োজনীয় সার পাচ্ছেন না। তার দাবি, ১ হাজার ৪০০ টাকার সার কোথাও কোথাও ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, ‘সরকার ঘাট ঘাটে চোর বসিয়েছে।’ তার মতে, এভাবে একটি সমাজ চলতে পারে না। বিদ্যমান ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন এবং সেই পরিবর্তনের লক্ষ্যেই তারা মাঠে নেমেছেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের সাধারণ মানুষকে কষ্ট ও সংকট থেকে মুক্তি দিতে একটি পরিবর্তন প্রয়োজন। সেই পরিবর্তনের জন্যই তারা জনগণের পাশে থেকে মাঠে কাজ করছেন।

তিনি বলেন, জনগণের সমস্যা ও অধিকার নিয়ে সংসদে কথা বলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সেখানে কথা বলার সুযোগ সীমিত হওয়ায় জনগণের দাবি নিয়ে রাজপথে কর্মসূচি পালন করতে হচ্ছে।

তিনি আরও বলেন, জনগণের কষ্ট লাঘব, নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের বিদ্যমান সংকট নিরসনের জন্য প্রয়োজনীয় পরিবর্তনের লক্ষ্যে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

এ সময় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, ধুনট উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিনুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments