মঞ্জুরুল আজসান, শেরপুর:
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কে হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসন ও বন্যহাতির আবাসস্থল সংরক্ষণে করণীয় নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার,১২ সেপ্টেম্বর মধুটিলা ইকোপার্কে ময়মনসিংহ বন্যপ্রাণী বিভাগের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে হাতি অধ্যুষিত এলাকাগুলো চিহ্নিত করে অভয়ারণ্য ঘোষণা, হাতি মোকাবিলায় গঠিত Elephant Response Team (ERT)-এর কার্যপরিধি নির্ধারণ এবং আধুনিক কলা কৌশল সমৃদ্ধ একটি সার্বজনীন Standard Operating Procedure (SOP) প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী। এ সময় তাঁর সহধর্মিণী সেনওয়া চৌধুরীসহ নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনারে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক মিজ্ ফরিদা ইয়াসমিন। ময়মনসিংহ বন্যপ্রাণী বিভাগের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করে ‘জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন’ প্রকল্প।
আলোচনায় বক্তারা বলেন, হাতি-মানুষের সংঘাত কমাতে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাতির প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা জরুরি। এ জন্য হাতি চলাচলের এলাকাগুলো চিহ্নিত করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা এবং আধুনিক প্রযুক্তি নির্ভর কার্যকর ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সেমিনারে বন্যহাতির আবাসস্থল ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি হাতির আক্রমণ থেকে মানুষের জানমাল রক্ষায় সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।


