Homeসারাদেশজেলার খবরনাঙ্গলকোটে মা সমাবেশের ব্যানারে শেখ হাসিনার নাম, মুছে ফেলায় আলোচনা

নাঙ্গলকোটে মা সমাবেশের ব্যানারে শেখ হাসিনার নাম, মুছে ফেলায় আলোচনা

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার নাঙ্গলকোটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মা সমাবেশ’ অনুষ্ঠানের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগান ব্যবহারের ঘটনা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি নজরে আসার পর ব্যানারে থাকা ‘শেখ হাসিনা’ শব্দ দুটি কলম দিয়ে মুছে দেওয়া হয় বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা সমাবেশে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের অনুষ্ঠানের জন্য ব্যবহৃত ব্যানারে লেখা ছিল—‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’ সমাবেশ চলাকালে ব্যানারে থাকা ‘শেখ হাসিনা’ শব্দ দুটি দৃশ্যমান ছিল। পরে বিষয়টি নজরে এলে শব্দ দুটি কলম দিয়ে মুছে দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে এমন স্লোগানযুক্ত পুরোনো ব্যানার ব্যবহারের বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়। ব্যানারটি কীভাবে অনুষ্ঠানে ব্যবহৃত হলো, তা নিয়েও প্রশ্ন ওঠে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদ্যালয় ভবনে কর্তৃপক্ষের আয়োজনে শিক্ষার্থীদের শিক্ষা, অভিভাবকদের দায়িত্ব এবং বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন।

এ ছাড়া বিদ্যালয়ের সভাপতি মাস্টার বেলায়েত হোসেন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি শাখাওয়াত হোসেন সুজন, জোড্ডা পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বেল্লাল হোসেনসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ সাইদুল ইসলাম বলেন, ‘পুরোনো ব্যানার দিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তাই প্রথমে বিষয়টি কারও নজরে আসেনি। পরে নজরে আসার সঙ্গে সঙ্গে কলম দিয়ে “শেখ হাসিনা” শব্দ দুটি মুছে দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল মুমিন বলেন, ‘এটি একটি লোগো। আমরা যারা অনুষ্ঠানে গিয়েছি, লোগোর দিকে আমাদের তাকানো হয়নি।’

ব্যানারে এমন স্লোগান থাকার বিষয়ে নাঙ্গলকোট উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ‘ব্যানারে এমন স্লোগান রাখা ঠিক হয়নি। এ বিষয়ে প্রাথমিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তলব করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান বলেন, ‘বিষয়টি তদন্ত করে শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সংশ্লিষ্টরা বলছেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানার ও আনুষ্ঠানিক উপকরণ ব্যবহারের ক্ষেত্রে বিষয়টি আরও সতর্কতার সঙ্গে যাচাই করা প্রয়োজন। তবে ব্যানারটি কে প্রস্তুত করেছিল, কতদিন আগে এটি তৈরি করা হয়েছিল এবং অনুষ্ঠানের আগে বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিল কি না—এসব বিষয় তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments