Homeসারাদেশজেলার খবরমনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৮০ বছরের বৃদ্ধ আটক

মনোহরগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ৮০ বছরের বৃদ্ধ আটক

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার মনোহরগঞ্জে সাত বছর বয়সী এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে আনু মিয়া (৮০) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আনু মিয়া মনোহরগঞ্জ উপজেলার ঝলম দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের বাসিন্দা। তবে দীর্ঘদিন ধরে তিনি একই ইউনিয়নে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন।

শিশুটির স্বজন ও স্থানীয়দের ভাষ্য, ঋণের চাপে শিশুটির মা-বাবা প্রায় এক মাস ধরে এলাকায় নেই। এ কারণে শিশুটি তার চাচা-চাচির কাছে থাকছিল।

গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নেন আনু মিয়া। এ সময় শিশুটির সঙ্গে থাকা অপর এক শিশুকে ৫০ টাকা দিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় কয়েকজন আনু মিয়াকে আটক করে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। ভুক্তভোগী শিশুর দাবি, এর আগেও ওই ব্যক্তি তার সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টা করেছিলেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আনু মিয়া। তার দাবি, শিশুটি তার কাছে তরকারি নিতে এসেছিল। তিনি শিশুটির ওপর কোনো নির্যাতন বা অনিষ্টের চেষ্টা করেননি।

ঘটনার দিন জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে মনোহরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুনয়ন বড়ুয়া ঘটনাস্থলে যান। তিনি জানান, পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা অভিযুক্তকে ছেড়ে দেয়। তখন শিশুটির পরিবারের পক্ষ থেকেও থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

পরে শুক্রবার বিষয়টি জানতে পেরে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে আনু মিয়াকে আটক করে।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদ বলেন, আনু মিয়াকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments