Homeজাতীয়কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ‘RAW’ ও ‘Crime Setup’-এর ৪ সদস্য গ্রেপ্তার

আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা:
কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযানে আলোচিত ‘টিম RAW’ ও ‘Crime Setup’ নামের দুটি গ্যাংয়ের নেতৃত্বস্থানীয় চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশের দাবি, গত ১০ দিন ধরে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং ও অপরাধীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় কুমিল্লা ও কক্সবাজারের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—‘টিম RAW’-এর সদস্য ইমরান হোসেন রতন (১৯) ও সাইফুল ইসলাম (২০) এবং ‘Crime Setup’-এর মো. সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ (২৪) ও রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’ (২৪)।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ইমরান হোসেন রতনের বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১০টি মামলা চলমান রয়েছে।

অপরদিকে, সাব্বির ওরফে ‘পয়েন্ট সাব্বির’ এবং রবিউল ইসলাম নবী ওরফে ‘কিং মেকার’-এর বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে কুমিল্লায় কিশোরদের মধ্যে মাদক, চাঁদাবাজি, ছিনতাই, এলাকায় আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

পুলিশের দাবি, অভিযানের অংশ হিসেবে সন্দেহজনক দুই হাজারের বেশি কিশোরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। যাচাই-বাছাই শেষে অপরাধের সঙ্গে সম্পৃক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধের সঙ্গে সম্পৃক্ততা না পাওয়া কিশোরদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য, অভিযানের কারণে কিশোর গ্যাংয়ের কয়েকজন নেতৃত্বস্থানীয় ব্যক্তি আত্মগোপনে চলে যায়। তবে কিশোর গ্যাংয়ের কার্যক্রম নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কিশোরদের অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সন্তানদের চলাফেরা ও বন্ধুত্বের বিষয়ে নজর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments