মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ২ নম্বর সরসপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়ার সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) বিকেলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লায় শোডাউন ও গণসংযোগ করেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। পরে শোডাউনটি লক্ষণপুর পশ্চিম বাজারে গিয়ে শেষ হয়।
আয়োজকদের দাবি, কর্মসূচিতে শতাধিক মোটরসাইকেল ও তিন শতাধিক ইজিবাইক অংশ নেয়। বিএনপির নেতাকর্মী-সমর্থকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার স্থানীয় মানুষও এতে অংশ নেন।
শোডাউন চলাকালে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা স্থানীয় বাসিন্দাদের অনেকে হাত নেড়ে অংশগ্রহণকারীদের স্বাগত জানান। পরে লক্ষণপুর পশ্চিম বাজারে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি হয়।
চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন ভূঁইয়া বলেন, ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে তিনি একটি মাদকমুক্ত, উন্নয়নসমৃদ্ধ ও আধুনিক সরসপুর ইউনিয়ন গড়ে তুলতে চান। জনগণের ভালোবাসা ও সমর্থনে আগামী নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
এ সময় বক্তারা বলেন, আনোয়ার হোসেন ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছেন। তাঁর সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততা নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, বিএনপির দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে লাকসাম-মনোহরগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন। আনোয়ার হোসেন ভূঁইয়াকে দলীয় মনোনয়ন দেওয়ায় তারা দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য, দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকে আনোয়ার হোসেন ভূঁইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালিয়ে আসছেন।


