Homeজাতীয়লাকসামে চার উপজেলার সাংবাদিকদের প্রশিক্ষণ শনিবার

লাকসামে চার উপজেলার সাংবাদিকদের প্রশিক্ষণ শনিবার

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং আধুনিক সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় কুমিল্লার লাকসামে চার উপজেলার সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) লাকসাম প্রেস ক্লাবের আয়োজনে পৌর অডিটরিয়ামে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

প্রশিক্ষণে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার সাংবাদিকরা অংশগ্রহণ করবেন। প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল, তুরস্কের রাষ্ট্রীয় গণমাধ্যম আনাদলু এজেন্সির বাংলাদেশ সংবাদদাতা, ফিচার রাইটার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক মুতাসিম বিল্লাহ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল।

প্রশিক্ষণে সংবাদ সংগ্রহ ও লেখার কৌশল, তথ্যের সত্যতা যাচাই, ফিচার রাইটিং, সাংবাদিকতার নীতিমালা এবং আধুনিক গণমাধ্যমের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হবে।

অভিজ্ঞ প্রশিক্ষকদের দিকনির্দেশনায় অংশগ্রহণকারী সাংবাদিকরা পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন বলে আশা করছেন আয়োজকরা।

লাকসাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ বলেন, সময়ের সঙ্গে সাংবাদিকতার ধরন ও চ্যালেঞ্জ পরিবর্তিত হচ্ছে। এ বাস্তবতায় সাংবাদিকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চার উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে এ আয়োজন পেশাগত সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি।

প্রেস ক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুজিবুর রহমান দুলাল বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এ পেশায় বস্তুনিষ্ঠতা, সততা ও পেশাগত দক্ষতার গুরুত্ব অপরিসীম। এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।

সাংবাদিক প্রশিক্ষণ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবদুল কুদ্দুস বলেন, সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ সাধন এবং সময়োপযোগী সাংবাদিকতা চর্চায় উদ্বুদ্ধ করতেই এ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।  প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান সমৃদ্ধ করার পাশাপাশি সংবাদ পরিবেশনে আরও দক্ষতা অর্জন করবেন বলে আমি আশা করি।

প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন বলেন, দীর্ঘদিন ধরেই আমরা দক্ষিণ কুমিল্লার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সাংবাদিকতার মানোন্নয়নে একটি প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা করে আসছিলাম।

অবশেষে আমাদের সেই দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে চলেছে। আমরা বিশ্বাস করি, এ প্রশিক্ষণ কর্মশালা দক্ষিণ কুমিল্লার সাংবাদিকদের জন্য জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে। এর মাধ্যমে সাংবাদিকরা আধুনিক সাংবাদিকতার কৌশল, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন দিকনির্দেশনা পাবেন।

আমাদের এ উদ্যোগের মূল লক্ষ্য হলো, দক্ষ, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতা চর্চার পরিবেশ গড়ে তোলা। ভবিষ্যতেও সাংবাদিকদের পেশাগত উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা কামনা করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments