রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদক কারবারি ও বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৮ অক্টোবর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ২৪ ঘণ্টায় রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় এক ব্যক্তির কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
রাঙামাল্টি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে পাঁচজন মাদকসেবী হিসেবে চিহ্নিত। তাঁরা হলেন নিজাম উদ্দিন (৩১), কামরুল হোসেন (২১), মো. রাকিব হাসান (২১), মো. হোসেন আলী ফকির (২৩) ও ইমং মারমা (২৯)।
এ ছাড়া বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন প্রিয়া চাকমা (৪২), মো. শাকিল (৩৫) ও ইমাম হোসেন রাজু। তাঁদের মধ্যে প্রিয়া চাকমাকে সিআর পরোয়ানামূলে, শাকিলকে জিআর পরোয়ানামূলে এবং ইমাম হোসেন রাজুকে জিআর সাজা পরোয়ানামূলে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ছয়জনকে। তাঁরা হলেন নারায়ণ মজুমদার (৪৮), সাকিব হোসেন (২১), মো. মনিরুল ইসলাম ইমন (১৯), মো. মনিরুল ইসলাম সাজ্জাদ (২৪), মো. মিজানুর রহমান (২৪) ও মো. আলতাফ হোসেন (৩১)। পুলিশের দাবি, গ্রেপ্তার আলতাফ হোসেনের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
কোতয়ালী থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাঁদের বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়।


