Homeজাতীয়দাউদকান্দিতে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

দাউদকান্দিতে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় নজির মিয়া (৫৫) ও তাঁর স্ত্রী ঝরনা বেগমের (৪৫) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার রামনগর মৎস্য প্রকল্পসংলগ্ন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ফজরের নামাজ শেষে পরিত্যক্ত প্লাস্টিকের বোতল কুড়াতে বাড়ি থেকে বের হয়ে দুর্ঘটনার শিকার হন তাঁরা।

নিহত নজির মিয়া দাউদকান্দি উপজেলার জিংলাতলী গ্রামের পূর্বপাড়ার মৃত খলিল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দরিদ্র এই দম্পতি গ্রামবাসীর সাহায্য-সহযোগিতায় জীবিকা নির্বাহ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার ভোরেও ফজরের নামাজ শেষে তাঁরা পরিত্যক্ত প্লাস্টিকের বোতল কুড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। মহাসড়কের দুই পাশ থেকে বোতল কুড়ানোর একপর্যায়ে রামনগর মৎস্য প্রকল্পসংলগ্ন চট্টগ্রামমুখী লেনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা যানবাহন তাঁদের ধাক্কা দেয়। এতে তাঁরা গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে দাউদকান্দি উপজেলার গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন মরদেহ দুটি তাঁদের বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেমদাস রায় বলেন, অজ্ঞাতনামা যানবাহনের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়রা মরদেহ দুটি বাড়িতে নিয়ে যান। ঘাতক যানবাহনটি শনাক্ত করতে মহাসড়কের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে।

এ ঘটনায় নিহত দম্পতির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments