Homeজাতীয়কুমিল্লায় বিএনপি নেতা হিরু-পারভেজ গুমের ১৪ বছর কান্না থামছে না স্বজনদের

কুমিল্লায় বিএনপি নেতা হিরু-পারভেজ গুমের ১৪ বছর কান্না থামছে না স্বজনদের

মশিউর রহমান সেলিম, কুমিল্লা:
কুমিল্লার লাকসামের দুই বিএনপি নেতা ও ব্যবসায়ী সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজ নিখোঁজের ১৪ বছর পূর্ণ হলো আজ। ২০১৩ সালের ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ ওঠার পর থেকে তাঁদের আর কোনো সন্ধান পায়নি পরিবার। দীর্ঘ ১৪ বছরেও তাঁদের ভাগ্যে কী ঘটেছে, তা জানতে পারেনি স্বজনরা। তাঁরা বেঁচে আছেন, নাকি তাঁদের হত্যা করা হয়েছে—এ প্রশ্নের উত্তর আজও অজানা। সময়ের ব্যবধানে অনেক কিছু বদলালেও বদলায়নি স্বজনদের অপেক্ষা আর কান্না।

এ উপলক্ষে দুই পরিবারের পক্ষ থেকে ঘরোয়া পরিবেশে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। স্বজনদের প্রত্যাশা, ১৪ বছর পর হলেও তাঁদের প্রিয়জনদের সন্ধান মিলবে এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৭ নভেম্বর র‌্যাব-১১ পরিচয়ে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজকে তুলে নিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তাঁদের পরিবারের দাবি, কুমিল্লায় যাওয়ার পথে লাকসামের আলীশ্বর এলাকায় তাঁদের আটক করা হয়। একই রাতে হিরুর মালিকানাধীন লাকসাম ফ্লাওয়ার মিল থেকে আরও ১০ জন বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়।

বিএনপির দলীয় সূত্র জানায়, সাইফুল ইসলাম হিরু ছিলেন লাকসাম উপজেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি। অন্যদিকে হুমায়ুন কবির পারভেজ ছিলেন পৌর বিএনপির সভাপতি ও ব্যবসায়ী। ঘটনার দিন সন্ধ্যা পৌনে ৮টা থেকে রাত ২টা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চলে। এ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলেও দলীয় সূত্রের দাবি। পরে আটক ১০ জনকে লাকসাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হলেও হিরু ও পারভেজের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ হুমায়ুন কবির পারভেজের ছোট ভাই গোলাম ফারুক এ ঘটনায় লাকসাম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন এবং কুমিল্লার আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পায় লাকসাম থানা পুলিশ ও একটি গোয়েন্দা সংস্থা। তবে দীর্ঘ সময়েও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

স্বজনদের অভিযোগ, তদন্তে মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করা হয়নি। পুলিশি তদন্ত প্রতিবেদন নিয়েও আপত্তি রয়েছে তাঁদের। এ কারণে মামলার বাদী গোলাম ফারুক আদালতে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন দিয়েছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, গত ১৪ বছরে প্রশাসনের বিভিন্ন দপ্তরে যোগাযোগ, মামলা ও নানা কর্মসূচির মাধ্যমে তাঁরা প্রিয়জনদের সন্ধান চেয়ে আসছেন। কিন্তু আজও কোনো নির্ভরযোগ্য তথ্য পাননি। তাঁদের প্রশ্ন, হিরু ও পারভেজ বেঁচে থাকলে তাঁদের ফিরিয়ে দেওয়া হোক, আর যদি তাঁদের হত্যা করা হয়ে থাকে, তবে অন্তত মরদেহের সন্ধান দেওয়া হোক।

দীর্ঘ এই সময়ে দুই পরিবারের সদস্যদের জীবন থমকে আছে অপেক্ষায়। স্বজনদের পাশাপাশি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও তাঁদের অনুসারীদের মধ্যেও বিষয়টি নিয়ে নানা প্রশ্ন রয়েছে। ১৪ বছর পেরিয়ে গেলেও হিরু ও পারভেজের নিখোঁজ হওয়ার ঘটনার রহস্য উদ্ঘাটন না হওয়ায় তদন্তের অগ্রগতি ও দায়ীদের শনাক্ত করার বিষয়ে নতুন করে দাবি উঠেছে।

স্বজনদের একটাই প্রত্যাশা—নিখোঁজ দুই নেতার প্রকৃত পরিণতি জানা এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments