Homeজাতীয়কুমিল্লা-নোয়াখালী রেললাইনে ট্রেন নেই তবুও চলছে পণ্যবাহী ট্রলি!

কুমিল্লা-নোয়াখালী রেললাইনে ট্রেন নেই তবুও চলছে পণ্যবাহী ট্রলি!

মশিউর রহমান সেলিম, কুমিল্লাঃ
ট্রেনের সংখ্যা কমে যাওয়া এবং একাধিক রেলস্টেশন বন্ধ থাকায় অনেকটা মৃতপ্রায় হয়ে পড়েছে ৫০ কিলোমিটার দীর্ঘ রেলওয়ে পূর্বাঞ্চলের কুমিল্লা-লাকসাম-নোয়াখালী রেলপথ। ট্রেন চলাচল সীমিত হয়ে পড়ায় একসময় রেললাইনে স্থানীয়দের লাকড়ি ও কাঁথা শুকাতে দেখা যেত। এবার রেলপথে বেয়ারিং চাকা লাগানো বিশেষ ট্রলি তৈরি করে চলছে অবাধে পণ্য পরিবহন। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলেও রেলওয়ে কর্তৃপক্ষের কার্যকর কোন তদারকি নেই বলে অভিযোগ উঠেছে। বর্তমান বিএনপি সরকার ১০মাসের শাসনামলে কুমিল্লা-লাকসাম-নোয়াখালী রেললাইনের উন্নয়নে প্রায় ৪০হাজার কোটি টাকা বরাদ্ধ দিয়েছেন। আগামী কিছু দিনের মধ্যে এ রেললাইনের উন্নয়ন কাজ শুরু হবে বলে রেলের একটি ঘনিষ্ট সুত্র জানায়।

সরেজমিনে দেখা গেছে, বেয়ারিং চাকা সংযুক্ত বিশেষ ট্রলিতে মাছ ও মুরগির খাদ্য, খড়, ডিমসহ বিভিন্ন ভারী মালামাল পরিবহন করছেন স্থানীয় কয়েকজন ব্যক্তি। এ কাজে প্রায় ৮ থেকে ১০ জন জড়িত বলে জানা গেছে। ঝুঁকিপূর্ণভাবে রেললাইনে ট্রলি চালানোর বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ব্যক্তিরা কথা বলতে রাজি হননি। অন্যদিকে, লাকসাম উপজেলার উত্তরদা ইউপির তপইয়া এলাকায় রেললাইনের ওপর কাঁথা ও লাকড়ি শুকাতে দেখা গেছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালী রুটে একসময় দুই জোড়া ডেমু কমিউটার, দুই জোড়া লোকাল ট্রেন এবং দুটি আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করতো। বর্তমানে এ রুটে কেবল আন্তনগর ‘উপকূল এক্সপ্রেস’ চালু রয়েছে। সপ্তাহে তিন দিন একটি লোকাল ট্রেন চললেও ইঞ্জিন সংকটের কারণে প্রায়ই এর যাত্রা বাতিল হয়। এদিকে, জনবল ও স্টেশন মাস্টারের সংকটে এ রুটের দৌলতগঞ্জ, খিলা, বিপুলাসার, বজরা ও মাইজদী রেলস্টেশন বন্ধ হয়ে গেছে। ফলে রেলপথের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় ট্রেন যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

মনোহরগঞ্জ উপজেলার খিলা রেলস্টেশনে গিয়ে দেখা যায়, প্রায় দেড় দশক ধরে বন্ধ থাকা স্টেশনটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। প্ল্যাটফর্মে স্থানীয় ব্যবসায়ীরা মালামাল স্তুপ করে রেখেছেন। কোথাও বাঁধা রয়েছে গরু-ছাগল। প্ল্যাটফর্মের এক পাশে চলছে জুয়ার আসর। স্টাফ কোয়ার্টারগুলো জরাজীর্ণ হয়ে ভেঙে পড়েছে। রেলওয়ে থেকে ভাড়া নেওয়া প্ল্যাটফর্মের দুটি দোকানও ট্রেন না থাকায় ক্রেতাশূন্য হয়ে পড়েছে ্এবং রেলওয়ের কয়েক কোটি টাকার জমি জবরদখল হয়ে হাট বাজারে পরিনত হয়েছে। মাঝে মধ্যে ২/১টি উচ্ছেদ অভিযান চালালেও আবার পর দিন পূর্বের অবস্থায় ফিরে আসে। এ উচ্ছেদ অভিযান রেলওয়ে কর্মকর্তাদের পকেট বানিজ্যের নতুন পরিকল্পনা মাত্র।

খিলা বাজারের ক্রেতা মোহাম্মদ উল্লাহ আক্ষেপ করে বলেন, ‘একসময় এই স্টেশনটি বেশ জমজমাট ছিল। এখন ট্রেন কমে গেছে, স্টেশনও বন্ধ। ফলে যাতায়াতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ স্থানীয় যাত্রী আবদুর রহিম বলেন, ‘আগে এই রুটে নিয়মিত চার-পাঁচটি ট্রেন চলত। এখন ট্রেন কমে যাওয়ায় সাধারণ মানুষ সাশ্রয়ী ভাড়ায় যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।’ তিনি দ্রুত এ রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানান।

এ বিষয়ে রেলওয়ে কুমিল্লার একাধিক সূত্র জানায়, মূলত ইঞ্জিন সংকটের কারণে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। পাশাপাশি স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবলের অভাবে স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে। নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হলে বন্ধ স্টেশনগুলো পুনরায় চালু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

রেললাইনে অবৈধ যান চলাচলের বিষয়ে রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ এ প্রতিনিধিকে বলেন, ‘রেললাইনে অন্য কোনো পরিবহন চালানো সম্পূর্ণ বেআইনি ও দন্ডনীয় অপরাধ। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments