শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নালিতাবাড়ীতে গলায় বাদাম আটকে মানহা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। পরিবারের সঙ্গে নানা বাড়িতে থাকা অবস্থায় নানার বিদ্যালয়ে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হয় সে।
নিহত মানহা মনি সিলেটের বাসিন্দা ও ব্যাংক কর্মকর্তা মো. রুবেলের মেয়ে। তার নানা নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার ব্যাপারীপাড়ার বাসিন্দা মোস্তফা আহমেদ, যিনি মোস্তফা তন্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নানার সঙ্গে বিদ্যালয়ে যায় মানহা মনি। দুপুরে সেখানে তাকে বাদাম খেতে দেওয়া হয়। একপর্যায়ে একটি বাদাম তার শ্বাসনালীতে আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে। পরে তাকে দ্রুত তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানভীর ইবনে কাদের বলেন, শিশুটিকে হাসপাতালে আনার আগেই শ্বাসনালীতে বাদাম আটকে মৃত্যু হয়েছিল।


