Homeসারাদেশজেলার খবরটানা বর্ষণে পাঁচবিবিতে এক সপ্তাহে কেজিতে ২৫  থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে...

টানা বর্ষণে পাঁচবিবিতে এক সপ্তাহে কেজিতে ২৫  থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন সবজির দাম

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
টানা বর্ষণে মাঠের ফসলের ক্ষয়ক্ষতি ও সরবরাহ কমে যাওয়ায় জয়পুরহাটের পাঁচবিবিতে হঠাৎ করেই বেড়েছে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম। মাত্র এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ২৫ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম, যা কেজিপ্রতি ১৬০ টাকা ছাড়িয়ে গেছে। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যআয়ের মানুষ।

ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকার সবজিক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদন কমেছে। একই সঙ্গে পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় খুচরা বাজারেও সব ধরনের সবজির দাম বেড়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে পাঁচবিবি কাঁচাবাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহে ৩০ টাকা কেজি দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। ৩০ টাকার বেগুনের দাম বেড়ে হয়েছে ৮০ টাকা কেজি। করলা ৪০ টাকা থেকে বেড়ে ৮০ টাকা, পটল ২০ টাকা থেকে ৪০ টাকা এবং বইকচু ২৫ টাকা থেকে বেড়ে ৪৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া গোল আলুর দাম কেজিতে ৫ টাকা বেড়ে এখন ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আর কাটিলাল আলু ৫ টাকা বেড়ে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।  কাঁচা মরিচের দামও সেঞ্চুরি পার করে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে আদা ও রসুন আগের দামে বিক্রি হচ্ছে।  আদা বিক্রি হচ্ছে ১৩০ টাকা কেজি দরে। রসুন ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি কিনতে আসা ফিচকাঘাট এলাকার হারুন বলেন, গত মঙ্গলবার যে দামে সবজি কিনেছি, মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব কিছুর দাম অনেক বেড়ে গেছে। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়বে।

অটোরিকশা (ভ্যান) চালক ছোটন বলেন, দিনে যা আয় করি, তা দিয়ে কোনো রকমে সংসার চলে। এখন সবজির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বাজার করা খুব কষ্টকর হয়ে গেছে। এক সপ্তাহ আগেও দাম অনেকটাই সহনীয় ছিল।

ফিচকাঘাট বাজারের খুচরা সবজি ব্যবসায়ী বিরেশ চন্দ্র বর্মন বলেন, টানা বর্ষণে অনেক এলাকার সবজি;ক্ষেতের ক্ষতি হয়েছে। ফলে পাইকারি বাজারে পর্যাপ্ত সবজি আসছে না। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং তখন দামও কিছুটা কমে আসবে বলে আশা করছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments