লালমনিরহাট সংবাদদাতা:
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে মাদক মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত দুই হামলাকারীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
র্যাব জানায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ১১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ভোটমারী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন পশ্চিম বেজগ্রাম এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে মো. জামিনুর রহমান (৪০) এবং একই এলাকার মো. ওসমান গণীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪৫)।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই হাতীবান্ধা থানার এসআই মো. তুহিন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় মাদক উদ্ধার ও পরোয়ানা তামিলে অভিযান চালায়। এ সময় চিহ্নিত মাদক কারবারি হামিদুল ইসলাম পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে।
পরে জনসম্মুখে তার দেহ তল্লাশির সময় হামিদুল চিৎকার শুরু করলে একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা এক পুলিশ সদস্যকে মারধর করে এবং তার কাছে থাকা হ্যান্ডকাফের চাবি ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে তারা গ্রেপ্তারকৃত হামিদুল ইসলামকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ১৯ জুলাই হাতীবান্ধা থানার এসআই তুহিন মিয়া বাদী হয়ে সরকারি কাজে বাধা প্রদান ও আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে চলে যায়।
র্যাব-১৩ জানায়, ঘটনার গুরুত্ব বিবেচনায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় পরিচালিত অভিযানে মামলার এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।


