নাটোর প্রতিনিধি:
নাটোরের নলডাঙ্গা উপজেলায় অবৈধভাবে নকল ও লাইসেন্সবিহীন Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন এবং বাজারজাতকরণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ নকল পণ্য, কেমিক্যাল ও উৎপাদন সামগ্রী জব্দ এবং ধ্বংস করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিলজুয়ানি ও পাটুল এলাকায় এ অভিযান পরিচালনা করেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার পাটুল গ্রামের ঈমান আলী মোল্লার ছেলে মো. আমিরুল ইসলাম (৩৭)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কোনো সরকারি অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই কেমিক্যাল ও হাইড্রোক্লোরিক (HCL) অ্যাসিড ব্যবহার করে নকল Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আমিরুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে তিনি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় কারাভোগ করতে হয়নি।
অভিযানকালে ঘটনাস্থল থেকে ৩৯৬ বোতল নকল Damfik ব্র্যান্ডের টাইলস ক্লিনার, ১৩টি জারকিনে সংরক্ষিত আনুমানিক ৫০০ লিটার ‘ভিক্সল’ নামীয় HCL অ্যাসিড জব্দ করা হয়। এছাড়া নকল পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রায় ৫০০টি খালি বোতল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
অভিযানের সময় নলডাঙ্গা থানার পুলিশ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় নকল, ভেজাল, লাইসেন্সবিহীন ও অননুমোদিত পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।


