Homeসারাদেশজেলার খবরনাঙ্গলকোটে ক্লিনিকের তালাবদ্ধ দেখে ফিরে গেলেন ডিসি; ব্যবস্থা আশ্বাস সিভিল সার্জনের

নাঙ্গলকোটে ক্লিনিকের তালাবদ্ধ দেখে ফিরে গেলেন ডিসি; ব্যবস্থা আশ্বাস সিভিল সার্জনের

কুমিল্লার নাঙ্গলকোটে পূর্বনির্ধারিত কর্মসূচিতে অংশ নিতে গিয়ে এক অদ্ভুত ও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তার।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ১০টা ১০ মিনিটে উপজেলার বালিয়াপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে গেলে মূল ফটকে তালাবদ্ধ অবস্থায় দেখতে পান তিনি। কর্মকর্তা উপস্থিত না থাকায় শেষ পর্যন্ত পরিদর্শন ছাড়াই গাড়িবহর নিয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে চলে যেতে হয় তাকে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাঙ্গলকোট সফরের অংশ হিসেবে জেলা প্রশাসক রোজী আক্তারের বালিয়াপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, বেগম জামিলা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় যোগ দান এবং উপজেলা মিলনায়তনে কর্মদক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণে অংশ নেওয়ার কর্মসূচি ছিল। নির্ধারিত সময়ে জেলা প্রশাসক ক্লিনিকে পৌঁছালেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অনুপস্থিত থাকায় এবং ক্লিনিকে ঝুলন্ত তালা দেখে জেলা প্রশাসনের কর্মকর্তারা চরম বিব্রত হন। এই সময় উপস্থিত গণমাধ্যমকর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

অভিযোগ রয়েছে, বালিয়াপুর কমিউনিটি ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) নুরুল ইসলাম নিয়মিত ক্লিনিকে আসেন না। তবে এ বিষয়ে নুরুল ইসলাম দাবি করেন, আমি নিয়মিতই ক্লিনিকে আসি। মঙ্গলবার জেলা প্রশাসক মহোদয়কে অভ্যর্থনা জানানোর জন্য ফুল আনতে গিয়ে কিছুটা দেরি হয়ে গেছে।

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নুল আবেদীন চরম অসন্তোষ প্রকাশ করে জানান, ঘটনাটি অত্যন্ত বিব্রতকর এবং এ ধরনের অবহেলা মেনে নেওয়া যায় না। দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি-কে শাস্তিমূলক বদলি করা হবে।

একই কথা জানান নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান। তিনি বলেন, সকাল ১০টায় ক্লিনিক তালাবদ্ধ দেখে আমরা বিব্রত হই এবং সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসক মহোদয়কে উপজেলা পরিষদে নিয়ে আসি। কর্মকর্তাটির বিরুদ্ধে দাপ্তরিকভাবে ব্যবস্থা নেওয়ার জন্য তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে।

এ বিষয়ে কুমিল্লার জেলা সিভিল সার্জন আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ জানান, বিষয়টি খতিয়ে দেখে এবং সিএইচসিপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রশাসনিক ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments