লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো: মুসলিম সরদারকে বিভাগের অ্যাকাডেমিক কার্যক্রম ও প্রশাসনিক দায়িত্ব থেকে কলেজ প্রশাসন অব্যাহতি দিয়েছেন। বুধবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই অব্যাহতি প্রদান করা হয়। নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. ফখরুল লতিফ অব্যাহতি প্রদানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
কলেজ সূত্রে জানা গেছে, ছাত্রীদের সঙ্গে ব্যক্তিগত কথোপকথনে আপত্তিকর ও যৌনতা বিষয়ক আলোচনার চেষ্টা সংক্রান্ত একটি ভয়েস রেকর্ডকে কেন্দ্র করে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ওঠে। ওই অভিযোগের বিষয়টি বিবেচনায় নিয়ে কলেজ প্রশাসন তাকে অ্যাকাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এ ছাড়া ওই শিক্ষকের বিরুদ্ধে আনীত শিক্ষার্থীদের লিখিত অভিযোগ, অব্যাহতি প্রদানের অফিস আদেশ এবং ঘটনার তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হয়েছে। এদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কার্যক্রমের অভিযোগ এনে ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্তসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে জাতীয়তাবাদী ছাত্রদল কলেজ শাখার সহযোগিতায় কতিপয় শিক্ষার্থী কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
অভিযুক্ত শিক্ষক মো. মুসলিম সরদার মুঠোফোনে বলেন, আমার মা রাজধানী ঢাকার একটি হাসপাতালে ভর্তি। মায়ের অবস্থা সংকটাপন্ন। আমি সেখানে রয়েছি। অভিযোগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে কি অভিযোগ বা কিসের অব্যাহতি এবং অফিস আদেশ সে সম্পর্কে আমি এখনো অবগত নই। ঘটনাটি অবগত হলে জানানো হবে।
এ বিষয়ে জানতে নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মনিরুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। কিন্তু মুঠোফোন বন্ধ থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


