চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও গর্ভপাতের ঘটনায় মামলা হওয়ার পর ফের হামলার অভিযোগ উঠেছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রমনা ইউনিয়নের মুদাফৎথানা (বেলেরভিটা) হরিণের বন্দ এলাকায় বিপ্লব মিয়ার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে একই পরিবারের ওপর তিন দফা হামলার অভিযোগ উঠেছে।
এর আগে গত ২৬ আগস্ট মধ্যরাতে স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে পৈশাচিক কায়দায় তাঁদের বাড়িতে হামলা চালানোর অভিযোগ ওঠে।
ভুক্তভোগী পরিবারের স্বজনরা জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দেশীয় অস্ত্র হাতে প্রায় অর্ধশত ব্যক্তি বাড়িতে ঢুকে বিপ্লব মিয়া ও তাঁর স্ত্রী আনু বেগমকে মারধর করেন। তাঁদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা জেয়াদুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। জিয়াদুল উলিপুর উপজেলার কাজিরচক এলাকার আশরাফ আলীর ছেলে।
বিপ্লব মিয়ার পরিবারের অভিযোগ, চিলমারী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শামীম মিয়ার সঙ্গে জমি নিয়ে বিরোধের জেরে গত ১৪ আগস্ট প্রথম দফা এবং ২৬ আগস্ট মধ্যরাতে দ্বিতীয় দফায় তাঁদের বাড়িতে হামলা চালানো হয়। দ্বিতীয় দফার হামলায় চার মাসের অন্তঃসত্ত্বা আনু বেগমকে মারধর করা হলে তাঁর গর্ভপাত হয় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। একই ঘটনায় বসতঘরে আগুন দেওয়া, টাকা লুট এবং বিপ্লব মিয়াকে জিম্মি করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগও করা হয়। এ ঘটনায় পরে থানায় মামলা হয়েছে।
বিপ্লব মিয়া বলেন,‘মামলা হওয়ার পরদিনই (৫ সেপ্টেম্বর) আমাদের ওপর আবার হামলা হয়েছে। আমি ও আমার স্ত্রীকে মারধর করা হয়েছে। স্থানীয়রা দ্রæত এগিয়ে না এলে বড় ধরনের ক্ষতি হতে পারত। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।’
স্থানীয় বাসিন্দারা বলেন, একই পরিবারের ওপর বারবার হামলার অভিযোগ উদ্বেগজনক। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শামীম মিয়ার মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
চিলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘ হামলাকারীদের একজনকে আটক করা হয়েছে। আটক যুবককে ভ্রণ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’
রিয়াদুল ইসলাম বাবু


