কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। চলন্ত লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগার পর একে একে চারটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুটি যাত্রীবাহী বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়।
প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি জানান, চট্টগ্রামমুখী একটি লরি মহাসড়ক দিয়ে চলাচল করছিল। এ সময় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে লরিটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মহাসড়কে আকস্মিক পরিস্থিতির সৃষ্টি হয়।
এর কিছুক্ষণ পর একই পথে পেছন থেকে আসা ঢাকা থেকে চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি দ্বিতল বাস দুর্ঘটনাকবলিত তিশা প্লাস বাসটিকে ধাক্কা দেয়। সর্বশেষ বেঙ্গল পরিবহনের বাসটির পেছনে সজোরে ধাক্কা দেয় একই অভিমুখে চলাচলকারী একটি মাইক্রোবাস। এভাবে পরপর চারটি যানবাহন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীর দাবি, যানবাহনগুলোর মধ্যে পর্যাপ্ত নিরাপদ দূরত্ব বজায় না থাকায় প্রথম সংঘর্ষের পর পেছনের গাড়িগুলোও নিয়ন্ত্রণ সামলাতে পারেনি। ফলে মুহূর্তের মধ্যেই মহাসড়কে দুর্ঘটনার ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়।
দুর্ঘটনার শব্দ ও চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে যোগ দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যানবাহন থেকে আহত চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসক রানা জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আটজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরপর চারটি যানবাহনের সংঘর্ষে রাতের মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।


