Homeজাতীয়‘শুধু ভালো ফল নয়, সুনাগরিক ও নৈতিকতাসম্পন্ন মানুষ হতে হবে’—আবুল কালাম এমপি

‘শুধু ভালো ফল নয়, সুনাগরিক ও নৈতিকতাসম্পন্ন মানুষ হতে হবে’—আবুল কালাম এমপি

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :
এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার ২৫৩ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। মেধাবী এসব শিক্ষার্থীর সাফল্যকে উদযাপন এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগাতে লাকসাম-মনোহরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শনিবার সকালে লাকসাম পৌরসভা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবুল কালাম এমপি বলেন, আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত, সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়ার কারিগর। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি, নৈতিক মূল্যবোধ ও দেশপ্রেমে সমৃদ্ধ হয়ে গড়ে উঠতে হবে।

তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর। তাই প্রযুক্তির সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হতে হবে। একই সঙ্গে মাদকের ভয়াল থাবা, অপসংস্কৃতি ও নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে হবে।

তিনি আরও বলেন, একটি ভালো ফলাফল অর্জনের পেছনে শুধু শিক্ষার্থীর নিজের পরিশ্রমই থাকে না। শিক্ষক ও অভিভাবকদের দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ, সহযোগিতা ও সঠিক দিকনির্দেশনাও এর সঙ্গে জড়িত। তাই শিক্ষার্থীদের তাদের শিক্ষক ও অভিভাবকদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল থাকতে হবে।

‘শুধু জিপিএ-৫ পেলেই সফল হওয়া যায় না’ উল্লেখ করে আবুল কালাম এমপি বলেন, শিক্ষার্থীদের সুনাগরিক, দেশপ্রেমিক ও নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। মাদকমুক্ত, আধুনিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবর্ধনা অনুষ্ঠানের শেষপর্যায়ে প্রধান অতিথি মো. আবুল কালাম এমপি লাকসাম উপজেলার ২০৬ জন এবং মনোহরগঞ্জ উপজেলার ৪৭ জনসহ মোট ২৫৩ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর হাতে বিশেষ সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন।

একই সঙ্গে শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠানপ্রধানদেরও বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী কামরুন্নাহার লাইলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডা. নুর-উল্লাহ রায়হান, সাধারণ সম্পাদক আবদুর রহমান বাদল, পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আক্তার হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও কৃতী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সম্মাননা স্মারক ও উপহার হাতে নিয়ে শিক্ষার্থীরা নিজেদের সাফল্যের অনুভূতি প্রকাশ করেন। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি তাদের মধ্যে আত্মবিশ্বাস ও দেশগঠনের প্রত্যয় সৃষ্টি করবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments