লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে সুরক্ষা সিটির বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে আলোচনা ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আসাদুজ্জামান ভুট্টোকে চেয়ারম্যান করে ৩৫ সদস্যবিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়।
রোববার (৭ সেপ্টেম্বর) লাকসাম সুরক্ষা সিটির অষ্টম তলায় অবস্থিত গ্রীনক্যাসেল রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়। পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত সভায় নতুন ব্যবস্থাপনা কমিটির ঘোষণা দেন সুরক্ষা সিটির বিনিয়োগকারী মো. আবু বকর জাহিদ।
সভায় সুরক্ষা সিটির বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ পরিকল্পনা, বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ এবং প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও পারস্পরিক সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডাররা।
আলোচনা সভায় বক্তব্য দেন মো. আবু বকর জাহিদ, মেহরাজুল ইসলাম বাবু, মো. দেলোয়ার হোসেন, মো. আব্দুল মালেক হিরন, মো. শামছুল আলম, মো. সাইফুল ইসলাম, মো. জসিম উদ্দিন, আব্দুন নুর মোতালেব, মাওলানা মো. আবু তাহের, ইমাম উদ্দিন মানিক, মো. ইয়াকুব, মো. আব্দুল মতিনসহ সুরক্ষা সিটির অন্যান্য বিনিয়োগকারী ও শেয়ারহোল্ডাররা।
বক্তারা বলেন, সুরক্ষা সিটির উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নতুন ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং সুরক্ষা সিটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
সভায় আলোচনায় উঠে আসে, সুরক্ষা সিটির প্রতিষ্ঠালগ্ন থেকেই আসাদুজ্জামান ভুট্টো ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সম্প্রতি তার দায়িত্ব পালন ও প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে পরিচালক ও শেয়ারহোল্ডারদের একটি অংশের মধ্যে অসন্তোষ ও মতভেদ সৃষ্টি হয় বলে সভায় আলোচনা করা হয়।
এ পরিস্থিতিতে পরিচালক ও শেয়ারহোল্ডারদের একটি অংশের উদ্যোগে ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় নতুন ৩৫ সদস্যের ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয় এবং এতে আসাদুজ্জামান ভুট্টোকে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, পরবর্তীতে প্রতিষ্ঠানের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় নতুন কমিটির সদস্যরা বিনিয়োগকারীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সুরক্ষা সিটির উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নতুন ব্যবস্থাপনা কাঠামোর মাধ্যমে সুরক্ষা সিটিতে বিনিয়োগকারীদের আস্থা আরও শক্তিশালী হবে এবং প্রতিষ্ঠানটি ভবিষ্যতে আরও সুসংগঠিত, স্বচ্ছ ও সমৃদ্ধ বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হবে।


