Homeজাতীয়রাতেই ৭ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

রাতেই ৭ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি-বজ্রবৃষ্টি অব্যাহত | আগামী ৫ দিনও বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত রয়েছে। একই সঙ্গে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতের মধ্যেই দেশের সাত জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ রাত ১টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ সতর্কতার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার রাত ১টার মধ্যে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এর মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বোচ্চ ৮২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ ছাড়া নওগাঁর বদলগাছীতে ৩৭ মিলিমিটার, খুলনার কয়রায় ৩৬, দিনাজপুরে ২১, নেত্রকোণায় ১৯, কিশোরগঞ্জের নিকলীতে ১৮, টাঙ্গাইলে ১৭, পটুয়াখালীতে ১৬ এবং গোপালগঞ্জে ১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দেশের আরও বিভিন্ন অঞ্চলেও এ সময়ে বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার এমন পরিস্থিতিতে নদী ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি নৌযান চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments