লাকসাম প্রতিনিধি:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে মশা নিধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ শাখা।
বুধবার (১৬ সেপ্টেম্বর) কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকায় মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও স্থানীয়দের ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক ফখরুল লতিফ, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান আনোয়ার হোসাইন, কলেজ অফিস সম্পাদক ইফতেখার আলম জিসান, কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোবারক হোসেন রায়হান, সেক্রেটারি সাকিল উদ্দিনসহ কলেজ শাখার অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করার পাশাপাশি মশা নিধনে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন। এ সময় ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত ও সামাজিক পর্যায়ে পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন কার্যক্রম নয়, মশার প্রজননস্থল ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধিও গুরুত্বপূর্ণ। বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় যাতে পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর রাখার আহ্বান জানান তারা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষার্থীদের সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করা এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গড়ে তুলতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


