আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা:
কুমিল্লার মুরাদনগরে জায়গা-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা জেলা পুলিশের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ লুৎফর রহমান।
তিনি বলেন, হত্যার ঘটনার পর নিহতের স্বজন নাসিম হায়দার সুজন বাদী হয়ে তিনজনকে আসামি করে মুরাদনগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর মঙ্গলবার দুপুরে কুমিল্লা নগরীর বাদশা মিয়া বাজার এলাকা থেকে মূল আসামি আবু মিয়ার স্ত্রী হনুফা বেগম ও পালিত কন্যা ইতিকে গ্রেফতার করে।
পরবর্তীতে তাদের দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া রেলস্টেশন এলাকায় ট্রেন থেকে মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াকে গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যার কথা স্বীকার করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে, আসামিদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।


