আব্দুর রহমান সাঈফ, কুমিল্লা।।
কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয় এবং মোঃ জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাত ২টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পিকআপের চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ছাড়া পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন স্থান থেকে ৩৩টি জ্যামিতি বক্সে রাখা মোট ১৮০টি প্যাকেটে ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ জাকারিয়া ইদ্রীস (৪৫) কক্সবাজার জেলার টেকনাফ থানার রাঙ্গাখালী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শফিকুর রহমান এবং মাতার নাম ফাতেমা খাতুন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


