আগামী ২১ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শুরু হবে। ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নির্ধারণ-সংক্রান্ত সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
নির্বাচন কমিশনার জানান, প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের বিষয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা হয়েছে। দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন ২০২৭ সালের ২৭ মে’র মধ্যে সম্পন্ন করা হবে। এ জন্য পাঁচ ধাপে ভোটগ্রহণের পরিকল্পনা করা হয়েছে।
নির্বাচন কমিশনের এ পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিতে প্রথম ধাপের ভোটের মধ্য দিয়ে শুরু হবে ইউনিয়ন পরিষদ নির্বাচন। পরবর্তী চার ধাপে ভোটগ্রহণের মাধ্যমে মে মাসের মধ্যে নির্বাচন কার্যক্রম শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।


