Homeজাতীয়প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্ত কমিটি গঠন

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এ ঘটনায় ত্রুটির প্রকৃত কারণ উদ্ঘাটন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কমিটিকে।

শুক্রবার (৩০ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মো. নিয়ামুল কবীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তদন্ত কমিটি গঠন করা হয়।

কমিটিতে বিমানের চিফ (প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং) কে সভাপতি করা হয়েছে। অন্য সদস্যরা হলেন চিফ ইঞ্জিনিয়ার (ইঞ্জিনিয়ারিং প্রোডাকশন), ডেপুটি চিফ (ফ্লাইট সেফটি) এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপক (আইনবিষয়ক)।

অফিস আদেশ অনুযায়ী, তদন্ত কমিটিকে উড়োজাহাজের কারিগরি ত্রুটির প্রকৃত কারণ ও ধরন উদ্ঘাটন, উড্ডয়ন উপযোগিতা নিশ্চিত করতে নেওয়া পদক্ষেপ পর্যালোচনা এবং এ ঘটনায় ফ্লাইট বিলম্ব, যাত্রীদের ভোগান্তি ও বিমানের প্রাতিষ্ঠানিক ভাবমূর্তির ওপর প্রভাব নিরূপণের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৭৭ কারিগরি ত্রুটির কারণে জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময়ের সাড়ে পাঁচ ঘণ্টা পর বাংলাদেশের উদ্দেশে যাত্রা করে।

এ ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল দল এবং জাপানের টেকনিশিয়ানরা উড়োজাহাজটির ত্রুটি মেরামতের কাজ করেন। মেরামত শেষে বাংলাদেশ সময় রাত ৭টা ৪৩ মিনিটে উড়োজাহাজটির পুশব্যাক সম্পন্ন হয়। পরে রাত ৭টা ৫৫ মিনিটে ফ্লাইট বিজি ৩৭৭ বাংলাদেশের উদ্দেশে উড্ডয়ন করে।

ঘটনার প্রকৃত কারণ জানতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্ট আদেশে উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments