Homeআন্তর্জাতিকমাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, হাসপাতালে মৃত্যু ভারতীয়...

মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, হাসপাতালে মৃত্যু ভারতীয় নারীর

অনলাইন ডেক্স:
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার ঘটনায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে উড়োজাহাজটি। পরে এতে থাকা অসুস্থ এক ভারতীয় নারীকে দ্রুত রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিমানবন্দর-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতের আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল। উড়োজাহাজটি আকাশে থাকা অবস্থায় এর দরজা খুলে যায়। এ পরিস্থিতিতে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পাইলট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। পরে উড়োজাহাজটি বিমানবন্দরে অবতরণ করলে অসুস্থ নারীকে দ্রুত নামিয়ে হাসপাতালে পাঠানো হয়।

এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, ওই নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। তাঁর সঙ্গে উড়োজাহাজটিতে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রীতালিকায় তাঁদের সবার জাতীয়তা ভারতীয় উল্লেখ রয়েছে।

যাত্রীতালিকার তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড। উড়োজাহাজটির মডেল সি৯০এ (C90A) এবং নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। আগরতলা থেকে কলকাতায় যাওয়ার পথে এটি ঢাকায় জরুরি অবতরণ করে।

উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ছিলেন ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।

ঘটনার পর অসুস্থ নারীকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে, মাঝ আকাশে উড়োজাহাজটির দরজা কী কারণে খুলে গিয়েছিল, এ ঘটনায় যাত্রী ও ক্রুদের নিরাপত্তা কতটা বিঘ্নিত হয়েছিল এবং উড়োজাহাজটির যান্ত্রিক কোনো ত্রুটি ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে ওই নারীর শারীরিক অবস্থা ও মৃত্যুর কারণ সম্পর্কেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনাটি নিয়ে আরও তথ্য জানার অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট মহল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments