অনলাইন ডেক্স:
বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক কর্মসূচি নিয়ে সারা দেশে মাঠে সক্রিয় থাকার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে কোনো দলের পাল্টা কর্মসূচি কিংবা প্রতিরোধমূলক পাহারা নয়, বরং নিজেদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করতেই মাসজুড়ে ধারাবাহিক কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলও পৃথকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করবে।
রোববার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দলের শীর্ষ নেতা এবং তিন অঙ্গসংগঠনের নেতাদের প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, দলের পাঁচ যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম উপস্থিত ছিলেন। এ ছাড়া ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরাও বৈঠকে অংশ নেন।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে নিজ নিজ উদ্যোগে পৃথক কর্মসূচি প্রণয়ন করে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। এসব কর্মসূচি কোনো রাজনৈতিক দলের পাল্টা কর্মসূচি হিসেবে পালন করা হবে না। একইভাবে অতীতে আওয়ামী লীগ যেভাবে পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে বিরোধী দলের কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করত, সে ধরনের কোনো কর্মসূচি নেওয়ার পরিকল্পনাও নেই বিএনপির।
বৈঠক সূত্র জানায়, ডিসেম্বরজুড়ে বিক্ষোভ মিছিল, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজনের মতো বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে। বিএনপি এবং তিন অঙ্গসংগঠন নিজেদের সাংগঠনিক কাঠামো অনুযায়ী পৃথকভাবে এসব কর্মসূচি ঘোষণা করবে। পাশাপাশি বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও নিজস্ব কর্মসূচির মাধ্যমে মাঠে সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার পর বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের নানা তৎপরতার খবর পাওয়া যাচ্ছে। এমন রাজনৈতিক পরিস্থিতির মধ্যেই বিজয়ের মাসে নিজেদের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করতে মাঠের কর্মসূচি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন বিএনপি।
দীর্ঘদিন বিরোধী দলের রাজনীতি ও আন্দোলন-সংগ্রামের পর ক্ষমতায় আসা বিএনপি এখন দল এবং সহযোগী সংগঠনগুলোর সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে চায়। বিশেষ করে বিজয়ের মাসকে কেন্দ্র করে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের মাঠে সক্রিয় রাখা এবং সংগঠনকে চাঙা করাই দলটির নেতৃত্বের অন্যতম লক্ষ্য।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, ‘বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।’


