অনলাইন ডেক্স:
দেশের সরকার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) আন্দোলনরত নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশ্ন করেছেন, ‘সরকার বলে কি আসলেই কোনো ব্যবস্থা দেশে আছে?’
শনিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশ যেভাবে লাঠিচার্জ করেছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেখার জন্য দেশে কেউ নেই কি না, সে প্রশ্নও তোলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, হলের সিট পুনর্বহাল, আবাসন সংকট নিরসন এবং প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। তাদের সঙ্গে আলোচনা ও সমঝোতার উদ্যোগ না নিয়ে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
বিশেষ করে ছাত্রী হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জ করার ঘটনাকে আরও উদ্বেগজনক হিসেবে উল্লেখ করেন তিনি। এ ধরনের পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির।
শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণের আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।
তার এ বক্তব্যের মধ্য দিয়ে নারী শিক্ষার্থীদের আন্দোলন মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগের পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন সংকট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করার বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে।


