Homeজাতীয়কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

কক্সবাজার প্রতিনিধি:
নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা রক্ষা, আইনি সুরক্ষা নিশ্চিত ও ন্যায্য অধিকার বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কক্সবাজারে কর্মবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার নিকাহ রেজিস্ট্রাররা।

সোমবার (১৬ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।

মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে পাঁচ দফা দাবি তুলে ধরেন সংগঠনের কক্সবাজার জেলা শাখার সভাপতি কাজী শাহাদাতুল ইসলাম।

দাবিগুলোর মধ্যে রয়েছে—মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০০৯ অনুযায়ী নিকাহ রেজিস্ট্রারদের লাইসেন্সে উল্লেখিত অধিক্ষেত্র বহাল রাখা, সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী নির্ধারিত পদ্ধতি প্রণয়ন এবং শূন্য পদে দ্রুত স্থায়ী নিয়োগ; মৃত বা অবসরজনিত কারণে শূন্য হওয়া পদে যোগ্য পুত্রকে সরাসরি লাইসেন্স প্রদান; বর্তমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি; নিকাহ রেজিস্ট্রার পদে লাইসেন্স পাওয়ার যোগ্যতা হিসেবে ফাজিল ডিগ্রি নির্ধারণ এবং বিধিমালা প্রণয়নে নিকাহ রেজিস্ট্রারদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করা।

কর্মসূচিতে বক্তারা বলেন, নিকাহ রেজিস্ট্রাররা দীর্ঘদিন ধরে বিবাহ ও তালাক নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু পেশাগত নিরাপত্তা, ন্যায্য পারিশ্রমিক, আইনি সুরক্ষা ও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে তাঁরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

মানববন্ধনে বক্তব্য দেন কাজী শাহাদাতুল ইসলাম, কাজী এরশাদ উল্লাহ, কাজী মুজিবুর রহমান বেলাল, সংগঠনের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন মোহাম্মদ তারেক, কাজী এনামুল হক, কাজী আব্দুল মাজেদ ও কাজী আবদুল্লাহ মামুনসহ অন্যরা।

কর্মসূচি শেষে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির কক্সবাজার জেলা কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় দাবি আদায়ে পরবর্তী করণীয় নির্ধারণ এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments