লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার লাকসাম উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চুরি প্রতিরোধ, রাত ১১টার পর উচ্চশব্দে মাইক বাজানো বন্ধ এবং যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানার সভাপতিত্বে সভায় বিগত সভার সিদ্ধান্ত ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় তিনি উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
সভায় লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুন্নাহার লাইলী উপজেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরেন। অপরাধ নিয়ন্ত্রণ, চুরি প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের চলমান কার্যক্রম এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামিলুর রহমান ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও কার্যক্রম সম্পর্কে বক্তব্য দেন। জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় রাত ১১টার পর উচ্চশব্দে মাইক বাজানো বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, চুরি প্রতিরোধে নজরদারি জোরদার এবং গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় দায়িত্বশীল ব্যক্তিদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


