Homeজাতীয়মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

শাহিন জামান, লালমনিরহাট সংবাদদাতা: 

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

আহতরা হলেন হাতীবান্ধা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) রুহুল আমিন এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) আব্দুল লতিফ। গুরুতর আহত এসআই রুহুল আমিন বর্তমানে রংপুরের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এএসআই আব্দুল লতিফ হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ জানায়, গেন্দুকুড়ি এলাকার বাসিন্দা বেলাল হোসেনের ছেলে ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল হক রাশেদকে গ্রেপ্তারের উদ্দেশ্যে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করেন এসআই রুহুল আমিন ও এএসআই আব্দুল লতিফ।

অভিযানের একপর্যায়ে রাশেদ ও তার সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়।
হামলায় এসআই রুহুল আমিনের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় এএসআই আব্দুল লতিফও আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহত দুই পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে এসআই রুহুল আমিনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে অস্ত্রোপচারের প্রয়োজন হওয়ায় তাকে রংপুরের একটি বিশেষায়িত বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) রমজান আলী বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। হামলার সঙ্গে জড়িত ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদুল হক রাশেদ ও তার সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, আহত দুই পুলিশ কর্মকর্তার চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। গুরুতর আহত এসআই রুহুল আমিনের অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। হামলার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের দ্রুত গ্রেপ্তারের জন্য থানা পুলিশের পাশাপাশি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশও অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, পুলিশের ওপর হামলার মতো ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অপরাধ কোনোভাবেই বরদাশত করা হবে না।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments